১৬ মাসে ৫৮০ শিশু ধর্ষিত, ৪৮৩ জনকে হত্যা: এইচআরএসএস
নিজস্ব প্রতিবেদক :
দেশে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটির তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত গত ১৬ মাসে দেশে অন্তত ৫৮০ শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং ৪৮৩ জন শিশুকে হত্যা করা হয়েছে। একই সময়ে আরও ৩১৮ জন শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই সময়ে মোট ১ হাজার ৮৯০ জন শিশু ও কিশোরী নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪০৭ জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মতো ঘটনা দেশে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। সংগঠনটির মতে, বিচারহীনতার সংস্কৃতি, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং দুর্বল আইন প্রয়োগের কারণেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে এইচআরএসএস জানায়, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৭ বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এছাড়া ১৬ মে সিরাজদিখান উপজেলা এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এর আগে রাণীশংকৈল উপজেলা ও সিলেট সদর উপজেলা এলাকাতেও শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে।
এইচআরএসএস অবিলম্বে সব শিশু হত্যা ও ধর্ষণের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যথাযথ প্রয়োগ, ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা, বিনামূল্যে আইনি সহায়তা, চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি আরও বলেছে, শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধের পুনর্জাগরণও জরুরি। এ জন্য সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।




