মানববন্ধন ও দায়িত্বে যোগ না দেওয়ায় সুপ্রিম কোর্টের ৪ কর্মী সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক :
সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাসভবনে দায়িত্ব গ্রহণ না করে উল্টো প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ায় চারজন অফিস সহায়ককে (এমএলএসএস) সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বরখাস্ত হওয়া চারজন হলেন—মেহেদী হাসান, মো. মিরাজ, রক্ষুণ নিশা ও মো. আসাদুজ্জামান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের মধ্যে তিনজনকে বিচারপতিদের বাসভবনে বদলি করা হলেও তাঁরা নির্ধারিত স্থানে কাজে যোগ দেননি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৩ মে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্মীরা বিচারপতিদের বাসভবনে দায়িত্ব পালন না করার ঘোষণা দেন। পরদিন ৪ মে অ্যানেক্স ভবনের সামনে গণমাধ্যমে কথা বলে বদলির অফিস আদেশকে অবৈধ বলেও দাবি করেন তাঁরা।
সুপ্রিম কোর্ট প্রশাসনের মতে, এ ধরনের কর্মকাণ্ড সরকারি চাকরির শৃঙ্খলার পরিপন্থী। তাই প্রাথমিকভাবে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় প্রশাসনিক মহলে শৃঙ্খলা রক্ষার প্রশ্নটি আবারও আলোচনায় এসেছে।




