আদালত প্রাঙ্গণে গোলাগুলি, অস্ত্রসহ আটক ২
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলির শব্দ শুনে কোর্ট পুলিশের পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়ের ডিবি, বিশেষ শাখা ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে তাৎক্ষণিক অভিযানে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় মোট দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান। তবে আহত ও আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
আদালত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, একটি হত্যা মামলার সাক্ষীকে তুলে নিতে এ গোলাগুলির ঘটনা ঘটতে পারে। সূত্রটি আরও জানায়, সন্ত্রাসীরা একজনকে জোরপূর্বক নিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে। তবে তারা কোন মামলার সাক্ষী ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।




