নলছিটিতে শোকযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা: লাশবাহী খাটিয়ায় পিকআপের ধাক্কা, আহত ৫; উত্তেজিত জনতার আগুন
ঝালকাঠি প্রতিনিধি;
ঝালকাঠির নলছিটি উপজেলায় জানাজায় নেওয়ার পথে এক হৃদয়বিদারক ও উত্তেজনাপূর্ণ দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিলে কিছু সময়ের জন্য বরিশাল–পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকার সমাজদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম খান নামের এক ব্যক্তির মরদেহ দাফন ও জানাজার উদ্দেশ্যে স্বজনরা লাশবাহী খাটিয়ায় করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় বরিশালগামী একটি দ্রুতগতির পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাটিয়া বহনকারীদের ওপর উঠে পড়ে। এতে মরদেহ সড়কে পড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন মৃত ব্যক্তির দুই ছেলে, শ্যালক, ভাগনে এবং পরিবারের আরেক সদস্য। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে নলছিটি থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৫ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর আলম বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি সড়ক নিরাপত্তা ও যানবাহনের বেপরোয়া গতির বিষয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




