যোগদানের ৭ দিনের মাথায় মৌলভীবাজারের এসপি প্রত্যাহার, চুক্তির অভিযোগে তোলপাড়
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে মো. রিয়াজুল ইসলামকে। শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, মো. রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে আগামী ১৬ মের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। তবে প্রত্যাহারের পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে, প্রায় আড়াই কোটি টাকার চুক্তির মাধ্যমে মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছিলেন রিয়াজুল ইসলাম। অভিযোগ অনুযায়ী, চুক্তিকৃত অর্থ পরিশোধ না করায় তাঁকে দ্রুত প্রত্যাহার করা হয়েছে—এমন আলোচনা ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে।
এই অভিযোগ প্রকাশ্যে আসার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. রিয়াজুল ইসলামের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পুলিশ সদর দপ্তর থেকেও প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে হঠাৎ এই প্রত্যাহার নিয়ে প্রশাসনিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছে।




