চোটে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা ওয়েসলি ফ্রান্সার
ক্রীড়া ডেস্ক :
বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে খেলতে নেমে মাত্র ১৬ মিনিটেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের নির্ভরযোগ্য রাইট-ব্যাক ওয়েসলি ফ্রান্সা।
ম্যাচের সময় বাঁ পায়ের কুঁচকিতে চোট পান ২২ বছর বয়সী এই ডিফেন্ডার। এরপর আর খেলতে না পেরে তাকে মাঠের বাইরে চলে যেতে হয়। তার পরিবর্তে মাঠে নামেন অভিজ্ঞ ডানিলো। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ব্রাজিল ২-১ গোলে জিতেছে, তবে দলের ভেতরে তৈরি হয়েছে বড় ধরনের উদ্বেগ।
চোট পাওয়ার পর বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েন ওয়েসলি, যা দেখে বোঝা যায় আঘাতটি হালকা নয়। বিশ্বকাপের আগে এমন পরিস্থিতি ব্রাজিলের পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
কোচ কার্লো আনচেলত্তির জন্য এখন সবচেয়ে বড় চিন্তা খেলোয়াড়টির ফিটনেস রিপোর্ট। ফিফার নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর ২৪ ঘণ্টা আগে পর্যন্ত চোট পাওয়া খেলোয়াড়ের পরিবর্তে নতুন কাউকে দলে নেওয়ার সুযোগ রয়েছে। ফলে ওয়েসলি শেষ পর্যন্ত ছিটকে গেলে বিকল্প খুঁজতে হবে কোচিং স্টাফকে।
প্রাথমিক স্কোয়াডে থাকা সীমিত রাইট-ব্যাকদের মধ্যে রয়েছেন ভাস্কো দা গামার পাওলো হেনরিক এবং বোটাফোগোর ভিতিনহো। এখন তাদের দিকেই তাকিয়ে আছে ব্রাজিল শিবির।
সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে এই ইনজুরি ব্রাজিলের রক্ষণভাগে বড় অস্বস্তির সৃষ্টি করেছে।




