ওয়াসিম আকরামের চোখে বাংলাদেশের পেস বিপ্লব, পাকিস্তানকে ছাপিয়ে রানা-তাসকিনরা
ক্রীড়া ডেস্ক:
দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। পুরো সিরিজজুড়ে স্বাগতিকদের পেস আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে শান মাসুদের দল। বিশেষ করে নাহিদ রানা ও তাসকিন আহমেদের গতির সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। সিরিজ শেষে বাংলাদেশের পেসারদের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
দুই টেস্টে পাকিস্তানের ১৮ উইকেট শিকার করেছেন বাংলাদেশের পেসাররা। ঢাকা টেস্টে ১০টি এবং সিলেট টেস্টে ৮টি উইকেট তুলে নেন রানা-তাসকিনরা। সবচেয়ে বেশি আলো ছড়ান তরুণ গতিতারকা নাহিদ রানা। দুই ম্যাচে তার শিকার ১১ উইকেট। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে প্রায় ড্র হতে যাওয়া ম্যাচে বাংলাদেশকে জয় এনে দেন তিনি। সিলেট টেস্টের প্রথম ইনিংসেও নেন ৩ উইকেট।
একসময় ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইমরান খান ও শোয়েব আখতারদের গতিতে কাঁপত বিশ্বের সেরা ব্যাটাররা। তবে সেই ঐতিহ্যের ধারাবাহিকতা এখন আর আগের মতো নেই। বর্তমান পাকিস্তানি পেসাররা ভালো করলেও বাংলাদেশের পেস আক্রমণের ধার এখন বেশি বলেই মনে করছেন আকরাম।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আকরাম লিখেছেন,
“পাকিস্তানকে টানা দ্বিতীয়বার বাংলাদেশের কাছে হারতে দেখে সত্যিই হতাশ হয়েছি। তবে বিজয়ীদের পুরো কৃতিত্ব দিতেই হবে, কারণ তারা দুর্দান্ত অলরাউন্ড ক্রিকেট খেলেছে। একসময় বাংলাদেশে নিচু, ধীরগতির ও অতিরিক্ত টার্ন নেওয়া উইকেট দেখা যেত, কিন্তু এখন তারা দারুণ টেস্ট পিচ তৈরি করছে, যা তাদের দ্রুত উন্নতি করা পেস বোলারদের সহায়তা করছে। সেই পেসাররাই গতি ও পারফরম্যান্সে পাকিস্তানকে ছাপিয়ে গেছে।”
তিনি আরও বলেন, “এখন বাংলাদেশ এই ফরম্যাটে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পুরোপুরি প্রস্তুত। আর নাহিদ রানাকে দেখাটা সত্যিই দারুণ উপভোগ্য—অসাধারণ প্রতিভা। অভিনন্দন বাংলাদেশ।”




