নেইমারকে কি খেলবেন মরক্কোর বিপক্ষে? বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের
ক্রীড়া ডেস্ক :
চোটের কারণে তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপের অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল। আগামীকাল রোববার ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে টুর্নামেন্টে নামা ব্রাজিলের জন্য উদ্বোধনী ম্যাচে নেইমারের অনুপস্থিতি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
পায়ের মাংসপেশির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি নেইমার। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং গত কয়েক দিন জাতীয় দলের অনুশীলনেও অংশ নিতে পারেননি। ফলে মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগ সাজাতে হচ্ছে তাকে ছাড়াই।
ব্রাজিলের প্রধান কোচ Carlo Ancelotti নিশ্চিত করেছেন যে উদ্বোধনী ম্যাচে নেইমার খেলতে পারবেন না। তবে তিনি আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে খুব শিগগিরই দলে ফিরবেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
আনচেলত্তি বলেন, “নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহেই সে পুরোপুরি ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবে।”
ব্রাজিলের জার্সিতে নেইমার সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। চোট নিয়ে শঙ্কা থাকলেও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে রাখেন আনচেলত্তি।
গত ৮ জুন ব্রাজিল দলের মেডিক্যাল বিভাগ জানায়, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া সন্তোষজনকভাবে এগোচ্ছে। যদিও মরক্কোর বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না, তবে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
গ্রুপ পর্বে মরক্কোর পর ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। দলটির কোচিং স্টাফ আশা করছে, এই দুই ম্যাচের যেকোনো একটিতে মাঠে ফিরতে পারেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা গোলদাতা নেইমার।
এদিকে নেইমারকে ছাড়া প্রথম ম্যাচে ব্রাজিল কতটা শক্তিশালী পারফরম্যান্স দেখাতে পারে, সেদিকেই এখন নজর




