অনুশীলনে সতীর্থকে মারধরের অভিযোগে তদন্তের মুখে নেইমার
ক্রীড়া ডেস্ক :
২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলে জায়গা পাওয়া নিয়েই যেখানে অনিশ্চয়তায় আছেন নেইমার, সেখানে এবার মাঠের বাইরের ঘটনায় নতুন বিতর্কে জড়ালেন তিনি। সতীর্থকে মারধরের অভিযোগ উঠেছে ব্রাজিল তারকা নেইমারের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, অনুশীলনের সময় সান্তোসের তরুণ খেলোয়াড় রবিনিও জুনিয়রকে মারধর করেন নেইমার। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস বিষয়টি নিয়ে ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।
এক সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, গত পরশু অনুশীলনের সময় রবিনিও জুনিয়র ড্রিবল করে নেইমারকে পেরিয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে নেইমার তার ওপর শারীরিকভাবে আক্রমণ করেন বলে অভিযোগ উঠেছে।
সান্তোস এক বিবৃতিতে জানিয়েছে, “৩ মে সিটি রেই পেলেতে অনুশীলনের সময় নেইমার ও রবিনিও জুনিয়রের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। ক্লাবের আইন বিভাগ এই তদন্ত পরিচালনা করছে।”
এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের তথ্য অনুযায়ী, বিষয়টি এখন আরও গুরুতর আকার ধারণ করেছে। রবিনিও জুনিয়রের আইনজীবীরা ক্লাবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। তারা অনুশীলনের ভিডিও ফুটেজ প্রকাশ এবং ক্লাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বচ্ছতা দাবি করেছেন।
নথিতে অভিযোগ করা হয়েছে, নেইমার রবিনিও জুনিয়রকে গালিগালাজ করেছেন, পা লাগিয়ে ফেলে দিয়েছেন এবং মুখে চড় মেরেছেন। এই ঘটনায় তারা ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকের দাবিও জানিয়েছেন।
দীর্ঘ ১২ বছর পর শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। তবে ইনজুরির কারণে তিনি খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। চলতি মৌসুমে ১১ ম্যাচে ৪ গোল এবং ৩ অ্যাসিস্ট করেছেন এই তারকা ফরোয়ার্ড।




