যুক্তরাষ্ট্রের দাপুটে জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিকরা
ক্রীড়া ডেস্ক :
ক্রিশ্চিয়ান পুলিসিচের মতো তারকা ফরোয়ার্ড ছাড়াই মাঠে নেমেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে যুক্তরাষ্ট্রের।সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে তারা ২–০ গোলের জয় তুলে নেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ পর্বে জায়গা নিশ্চিত করে স্বাগতিক দল।
ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে সম্পূর্ণ আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। ধারাবাহিক চাপের মুখে ১১ মিনিটেই আসে প্রথম গোল। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেসের বড় ভুলে বল নিজ জালে জড়িয়ে যায়। একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে তিনি বলটি নিজেদের গোলেই পাঠিয়ে দেন।
প্রথম গোলের পরও আক্রমণের গতি কমায়নি স্বাগতিকরা। দ্রুত পাসিং, বল নিয়ন্ত্রণ ও চাপ ধরে রাখার মাধ্যমে পুরো প্রথমার্ধে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে রাখে তারা। প্রথমার্ধের শেষ দিকে, ৪৩ মিনিটে আসে দ্বিতীয় গোল। সার্জিনো ডেস্টের জোরালো শট ডিফেন্ডারের গায়ে লেগে বক্সে ফিরে এলে অ্যালেক্স ফ্রিম্যান নিখুঁত সময়জ্ঞান কাজে লাগিয়ে হেড করে বল জালে পাঠান। শুরুতে অফসাইড ধরা হলেও ভিডিও সহকারী রেফারির দীর্ঘ পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে অস্ট্রেলিয়া। একসঙ্গে তিনটি পরিবর্তন এনে তারা আক্রমণাত্মক কৌশল গ্রহণ করে। তবে নতুন পরিকল্পনা ও খেলোয়াড় পরিবর্তনেও খেলায় গতি ফেরাতে ব্যর্থ হয় সফরকারীরা। যুক্তরাষ্ট্রের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে তারা বারবার হোঁচট খায়।
শেষ দিকে শারীরিক শক্তিনির্ভর ফুটবল খেলে ম্যাচে ফেরার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি অস্ট্রেলিয়ার। দৃঢ় রক্ষণ, শৃঙ্খলিত অবস্থান এবং নিয়ন্ত্রিত খেলার মাধ্যমে শেষ পর্যন্ত ২–০ গোলের জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।
এই জয়ের ফলে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’-এর শীর্ষস্থান আরও শক্ত করে স্বাগতিকরা। একই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই তারা নিশ্চিত করে নকআউট পর্বে জায়গা।




