মরক্কোর আত্মবিশ্বাসে চ্যালেঞ্জ ব্রাজিলের সামনে, বিশ্বমঞ্চে বড় লড়াইয়ের অপেক্ষা
ক্রীড়া ডেস্ক :
কাতার বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত দারুণ পারফরম্যান্স দেখিয়ে ইতিহাস গড়েছিল মরক্কো। চার বছর পর আবারও বিশ্বমঞ্চে নামছে আফ্রিকার এই পরাশক্তি, এবার শুরুতেই কঠিন পরীক্ষার মুখে তারা।
রোববার নিজেদের প্রথম ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে মরক্কো। তবে ম্যাচ শুরুর আগেই আত্মবিশ্বাসে ভরপুর তারা, টানা ২৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে নামছে দলটি।
মরক্কোর মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত জানিয়েছেন, তারা কোনোভাবেই প্রতিপক্ষকে ভয় পাচ্ছেন না, তবে সম্মান দেখাচ্ছেন।
তিনি বলেন, ব্রাজিল মানেই বিশ্বমানের তারকা ও অসাধারণ ফুটবল। তবে আমরা নিজেদের শক্তিতে বিশ্বাসী, মাঠে সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রস্তুত।
আমরাবাত আরও যোগ করেন, ব্রাজিল ফেবারিট হলেও মরক্কো আত্মবিশ্বাসী ও লড়াইয়ের জন্য প্রস্তুত। তাদের দলে অহংকার নেই, আছে শুধুই বিনয় ও জয়ের ক্ষুধা।
সাম্প্রতিক ফর্মও মরক্কোর পক্ষে কথা বলছে। গত এক বছরে তারা কোনো ম্যাচ হারেনি এবং একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা জিতেছে, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
এখন চোখ বিশ্ব ফুটবলপ্রেমীদের—অভিজ্ঞ ব্রাজিলের বিপক্ষে মরক্কোর এই আত্মবিশ্বাসী লড়াই কতদূর গড়ায়, সেটাই দেখার অপেক্ষা।




