আগামী জুনে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব সংবাদ:
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে চীন সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে প্রস্তুতিমূলক কাজ চলছে। তবে সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে চীন ও ভারতের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে। দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় বিবেচনায় নিয়ে সফরসূচি নির্ধারণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সম্ভাব্য চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক একটি বিষয়।
এছাড়া পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সেখানে ক্ষমতার পরিবর্তনের কারণে যদি “পুশইন” ইস্যু দেখা দেয়, তাহলে বাংলাদেশ প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।
সরকারি সূত্র বলছে, আসন্ন এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।




