কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক :
এক দিনের সরকারি সফরে আজ শনিবার কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল পৌনে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরসঙ্গী ছিলেন। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে কক্সবাজার জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টার দিকে কক্সবাজারে পৌঁছে প্রধানমন্ত্রী সদর উপজেলার পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধন শেষে স্থানীয় জনগণের উদ্দেশে এক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর প্রধানমন্ত্রী সড়কপথে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে যান। সেখানে গাছের চারা রোপণের মধ্য দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যেই এই বৃহৎ কর্মসূচি হাতে নেওয়া হয়েছ
সাফারি পার্ক পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলা সদরে যাবেন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি নবগঠিত পেকুয়া পৌরসভারও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দুপুরে পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের মতে, এই জনসভা সফরের অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন। রাত ৮টায় কক্সবাজার শহরের Long Beach Hotel-এর অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে স্থানীয় বিশিষ্টজন, ব্যবসায়ী, পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সফর শেষে রাতেই বিমানযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি কক্সবাজারে তাঁর প্রথম সফর। উন্নয়ন কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ, প্রশাসনিক সম্প্রসারণ এবং রাজনৈতিক কর্মসূচি—সব মিলিয়ে সফরটি জেলার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন স্থানীয়রা।




