‘ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবেই বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার ক্রিকেট’—মার্ক টেলর
ক্রীড়া ডেস্ক :
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর প্রভাব নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মার্ক টেলর। তাঁর মতে, বর্তমানে বিশ্ব ক্রিকেটে ভারতের আর্থিক ও প্রশাসনিক প্রভাব এতটাই শক্তিশালী যে অনেক ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট কাঠামোতেও।
টেলর দাবি করেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে অনেকে ব্যঙ্গ করে “ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল” বলেন, কারণ বৈশ্বিক টুর্নামেন্টগুলোর ভেন্যু ও সূচি নির্ধারণে ভারতের প্রভাব রয়েছে।
তিনি আরও ইঙ্গিত করেন যে আইসিসির শীর্ষ পর্যায়ে ভারতের প্রভাব এবং অর্থনৈতিক ক্ষমতার কারণে অন্যান্য বোর্ডের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত হয়ে পড়ছে।
টেলর বলেন, ২০২৬-২৭ মৌসুমে বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ চেন্নাইয়ে হতে পারে—এমন আলোচনাও এরই প্রমাণ। তাঁর ভাষায়, “অনেক বিষয় জড়িত, কিন্তু মূল কথা হলো—টাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটা ভারতের কাছেই আছে।”
আইসিসির ২০২৪-২৭ অর্থ বণ্টন অনুযায়ী, বিসিসিআই প্রায় ৩৮.৫০ শতাংশ রাজস্ব আয় পাচ্ছে। বিশাল জনসংখ্যা ও ক্রিকেটপ্রেমী বাজারের কারণে ভারতে রয়েছে বিপুল স্পনসরশিপ ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রভাব।
অস্ট্রেলিয়ার একাধিক তারকা যেমন ট্রাভিস হেড, মিচেল মার্শ, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড আইপিএলে নিয়মিত খেলেন, যা নিয়েও মন্তব্য করেন টেলর। তাঁর মতে, ক্রিকেট অস্ট্রেলিয়া অনেক সময় ভারতীয় ক্রিকেট বোর্ডকে সন্তুষ্ট রাখার দিকেই বেশি গুরুত্ব দেয়।
তিনি আরও বলেন, আইপিএলের কারণে আন্তর্জাতিক সূচিতে জটিলতা তৈরি হচ্ছে। পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজ এবং অন্যান্য দ্বিপাক্ষিক সিরিজও আইপিএলের সময়সূচির সঙ্গে সংঘর্ষে পড়ছে, যা দল নির্বাচন ও সফর পরিকল্পনায় প্রভাব ফেলছে।
টেলর বলেন, “বর্তমানে ক্রিকেটে এমন এক বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, যেখানে আইপিএলকে কেন্দ্র করে আন্তর্জাতিক সূচি প্রভাবিত হচ্ছে।”
৩০ মে থেকে পাকিস্তান–অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শুরু হবে, আর ৩১ মে আহমেদাবাদে আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে। একই সময়ে খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ সফরেও আগামী জুনে অস্ট্রেলিয়া দল মাঠে নামবে, যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




