ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৫
ভাঙ্গা প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের নুরজাহান (৫০), তাঁর ছেলে আরিফ ইসলাম (২৪), একই এলাকার আয়শা বেগম (২৮), রাকিব (১৮) এবং প্রাইভেট কারের চালক (২৫)। আহত হয়েছেন আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেট কারটি ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। দ্রুতগতির প্রাইভেট কারটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাকিব নামে আরও একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কারের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসকে গাড়ির কিছু অংশ কেটে ফেলতে হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভাঙ্গা ফায়ার স্টেশনের ম্যানেজার আবু জাফর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয়। প্রাইভেট কারটি ট্রাকের পেছনে আটকে থাকায় উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হয়। পরে গাড়ি কেটে চালকের মরদেহ উদ্ধার করা হয়।




