মামলা না থাকলেও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক যশোর:
যশোরের বাঘারপাড়া উপজেলা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আজগর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরিবারের দাবি, আজগর আলীর বিরুদ্ধে কোনো মামলা নেই এবং শুধুমাত্র রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজগর আলীর ভাই আবদুল হান্নান অভিযোগ করেন, রাত একটার দিকে পুলিশ তাদের বাড়িতে আসে এবং পরবর্তীতে ঘরের দরজা খুলতে চাপ দেয়। তারা পুলিশকে সকালে আসার অনুরোধ জানালেও তা মানা হয়নি বলে দাবি করেন তিনি। পরে দরজা খুলে বাইরে আসলে রাত তিনটার দিকে আজগর আলীকে গ্রেপ্তার করা হয়।
আবদুল হান্নান আরও বলেন, আজগর আলী একসময় যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তবে বর্তমানে তিনি কোনো কমিটি বা রাজনৈতিক পদে নেই। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, আজগর আলীকে একটি পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ওই মামলার এজাহারে তার নাম ছিল না বলেও জানা যায়।
ওসি আরও বলেন, দীর্ঘ সময় ঘরের দরজা না খোলায় পুলিশ ভেতরে প্রবেশের চেষ্টা করে। কোদাল ও শাবল দিয়ে দরজা-জানালা ভাঙার অভিযোগ সঠিক নয় বলেও তিনি দাবি করেন।
গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও বিতর্ক চলছে।




