২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৬ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক :
দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯ জনে।
একই সময়ে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ২৬৮ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে বিভিন্ন কেন্দ্রে গেছেন ১ হাজার ২৮১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ৫৪ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৫৫ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বাড়ানো এখন সবচেয়ে জরুরি।




