স্বামীর সহযোগিতায় সাধুর আস্তানায় নারীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক সাধু ফকিরের আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার রাজশাহীর বেলপুকুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
মামলায় অভিযুক্ত করা হয়েছে সাধু হামিদ ফকির (৬৭) ও ভুক্তভোগীর স্বামীকে। হামিদ ফকিরের বাড়ি পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামে। বাড়ির পাশেই তাঁর একটি আস্তানা রয়েছে, যেখানে নিয়মিত ভক্তদের আনাগোনা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তাঁর স্বামীর দ্বিতীয় বিয়ে হয়। সম্প্রতি বাজারে নেওয়ার কথা বলে স্বামী তাঁকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান। সেখানে স্বামীর সহযোগিতায় তাঁর হাত-পা বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর স্বামী বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। পরে ওই নারী স্বামীর বাড়ি থেকে পালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সোমবার থানায় গিয়ে মামলা করেন তিনি।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।




