ঢাকাসহ ১১ অঞ্চলে আজ বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, ২ নম্বর সংকেত জারী
নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকায় গত বৃহস্পতিবার সামান্য বৃষ্টি হয়েছে। দেশের অন্যান্য এলাকাতেও আগের দিনের তুলনায় বৃষ্টিপাত বেড়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ১০৯ মিলিমিটার।
আজ শুক্রবার ছুটির দিনে ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া রাজশাহী, পাবনা, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে একই দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে হবে।




