প্রতারণা মামলায় কারাগারেই নতুন গ্রেপ্তার দেখানো হলো কনটেন্ট ক্রিয়েটরকে
নিজস্ব প্রতিবেদক :
প্রতারণার একটি মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর ওয়ারী থানায় দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান আবেদনে উল্লেখ করেন, মামলার অপর এক সন্দেহভাজন আসামিকে জিজ্ঞাসাবাদের সময় তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন চক্র ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। বিভিন্ন ধাপে বিনিয়োগের নামে অর্থ আদায় করে তারা প্রথমে আস্থা অর্জন করে এবং পরে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। প্রতিশ্রুত মুনাফাসহ অর্থ ফেরত না পেয়ে ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। অভিযোগে প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বছরের আগস্টে অন্য একটি ঘটনায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।




