মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে দেশব্যাপী যৌথ অভিযান শুরু : স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট :
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে দেশব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১ মে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিশেষ অভিযান শুরু করেছে এবং তা অব্যাহত রয়েছে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, বরং পুলিশ, র্যাবসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে এ অভিযানে অংশ নিচ্ছে। দেশে মাদকের বিস্তার একদিনে হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রতিদিনই অগ্রগতি হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমান অভিযানে মাদকসেবীদের পরিবর্তে বড় চোরাচালানকারী এবং সীমান্ত দিয়ে মাদক আনা সিন্ডিকেট সদস্যদের অগ্রাধিকার দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।
উক্ত সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সরকার মনে করছে, এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে।
সূত্র : বাসস




