ফার্মেসিতেই মান হারাচ্ছে ওষুধ
ডেস্ক রিপোর্ট :
গরম থেকে বাঁচতে মানুষ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফ্যানসহ নানা উপায় বেছে নিলেও জীবনরক্ষাকারী ওষুধের ক্ষেত্রে সেটি মানা হয় না অধিকাংশ ফার্মেসিতে। আর সঠিক ব্যবস্থাপনার অভাবে ওষুধের গুণগত মান নষ্ট হচ্ছে। ফলে সেই ওষুধ সেবন করেও চিকিৎসার কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না রোগীরা।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে সোয়া দুই লাখের বেশি ফার্মেসি রয়েছে। তবে এর কতগুলোতে ওষুধ সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, সে বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। ওষুধ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর মতে, অধিকাংশ ফার্মেসিতেই সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করা হয় না।
সম্প্রতি আজকের পত্রিকার সরেজমিন অনুসন্ধানেও বিষয়টি উঠে এসেছে। রাজধানীর কারওয়ান বাজার, কলাবাগান ও মহাখালীর পাশাপাশি ঢাকার বাইরে পিরোজপুর সদর হাসপাতাল সড়ক, ক্লাব রোড এবং কুমিল্লার কোটবাড়ি ও কান্দিরপাড় এলাকার অন্তত ৫০টি ওষুধের দোকান পর্যবেক্ষণ করে দেখা গেছে, ৫০টির মধ্যে ৪৬টিতেই শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই।
জানতে চাইলে পিরোজপুরের বাজার রোডের প্রিন্স মেডিকেল হলের কর্মচারী আলী হোসেন বলেন, ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ বাধ্যতামূলক এমন ওষুধের জন্য তাঁদের ফ্রিজ রয়েছে। তবে বাকি ওষুধগুলো শুধু সরাসরি রোদ থেকে দূরে রাখা হয়।
ওষুধ প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রার সামান্য হেরফেরেও ওষুধের কার্যকারিতা নষ্ট হতে পারে। দেশের বাজারে থাকা প্রায় ৯০ শতাংশ ওষুধ ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে, ঠান্ডা, শুকনো ও আলোহীন স্থানে সংরক্ষণ করার নিয়ম রয়েছে। অথচ অনেক ফার্মেসিতে কোনো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই।
সূত্র : আজকের পত্রিকা




