মতিঝিলে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, আহত ১
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এক ব্যক্তিকে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) বিকাল সোয়া ৩টার দিকে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, আহত ব্যক্তির নাম মো. লোকমান (৪৫)। তিনি হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পেশা ও অন্যান্য বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন অস্ত্রধারী ব্যাংকের সামনে এসে লোকমানকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে আহত হওয়ার পর তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। ভুক্তভোগীর দাবি, ব্যাগটিতে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সেখান থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের ধারণা, এটি পূর্বপরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা এবং এর পেছনে সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত থাকতে পারে। বিশেষ করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের তথ্য কীভাবে অপরাধীদের কাছে পৌঁছেছে, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
দিনদুপুরে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এ ধরনের সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।




