প্রাথমিকের শিশুদের জন্য ‘পচা’ খাবার সরবরাহের ঘটনায় মাদারীপুরে গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং বা মিড ডে মিল প্রকল্পে নিম্নমানের ও পচা খাবার সরবরাহের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ জুন) মাদারীপুর সদর মডেল থানার পুলিশ পৌরসভার চাঁদমারি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এ এফ এম আহসানুল হাবিব (৫১) এবং মো. নুরুজ্জামান (৪৩)। তাঁরা ‘সমতা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার হিসেবে স্কুল ফিডিং প্রকল্পে খাদ্য সরবরাহ কার্যক্রমে দায়িত্ব পালন করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্কুল ফিডিং প্রকল্পে পচা ও খাওয়ার অনুপযোগী খাবার সরবরাহের অভিযোগে একটি স্কুলের প্রধান শিক্ষক মামলা করেন। সেই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে নষ্ট ও খাওয়ার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে গ্রেপ্তার দুইজনের ভূমিকা ও দায়দায়িত্ব সম্পর্কেও প্রাথমিক প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে সিভিল সার্জনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে প্রশাসন নড়েচড়ে বসে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের ঘটনা স্কুল ফিডিং প্রকল্পের মান নিয়ন্ত্রণ, খাদ্য সরবরাহ ব্যবস্থাপনা এবং ঠিকাদারদের জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।




