নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন, দ্রুত বিচার দাবি
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সাধারণ ছাত্র-জনতা। এতে সহযোগিতা করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, কলাপাড়া শাখা।
সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তীব্র নিন্দা জানান। তারা বলেন, চম্পাপুরে সিঁদ কেটে ঘরে ঢুকে এক কলেজছাত্রীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়া চাকামইয়ায় সৌদি আরবফেরত এক গৃহবধূ হত্যার শিকার হয়েছেন। লালুয়ায় রাবনাবাদ নদীর তীরে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বালিয়াতলীতে ১০ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং নীলগঞ্জে সাবেক এক সেনাসদস্যের স্ত্রীকে হত্যা করা হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, গত ছয় মাসে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক মরদেহ উদ্ধার হলেও অনেক ঘটনায় এখনো প্রকৃত অপরাধীদের শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কিছু ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণও জানতে পারেনি ভুক্তভোগী পরিবার। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা নারী নির্যাতন ও সহিংসতাবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, আভাসের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম ও শিক্ষার্থী হেমাসহ আরও অনেকে।




