“ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের মন্তব্য: ১৮ মাসে দেশ ১৮ বছর পিছিয়েছে”
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, রাজধানীর উন্নয়ন ও ব্যবস্থাপনায় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৮ মাসে দেশের উন্নয়ন কার্যক্রম ১৮ বছর পিছিয়ে গেছে—এমন অভিমতও তিনি ব্যক্ত করেন।
রবিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে “সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন” শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক জানান, রাজধানীর সৌন্দর্য ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে টেলিফোনসহ বিভিন্ন ধরনের ক্যাবল লাইন মাটির নিচ দিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে শহরের দৃশ্যমান দূষণ কমবে এবং অবকাঠামোগত নিরাপত্তা বাড়বে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, রাজধানীর ওয়ারী, ধানমন্ডি, বাসাবোসহ যেসব এলাকাকে ধীরে ধীরে বাণিজ্যিক রূপ দেওয়া হয়েছে, সেগুলোকে পুনরায় আবাসিক এলাকার বৈশিষ্ট্যে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। নগর পরিকল্পনায় ভারসাম্য রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া, চলমান মশক নিয়ন্ত্রণ কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, আগামী ১৫ দিনের মধ্যে মশার লার্ভা শনাক্ত করে ব্যাপকভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় এই অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কোরবানির সময় বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণ জরুরি।
সভায় বক্তারা রাজধানীর পরিবেশ, নদী, বন এবং নগরায়নের মধ্যে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।




