মন্ত্রীর হস্তক্ষেপে সাংবাদিক নজরুল ইসলাম মিঠুর বিদেশযাত্রার নিষেধাজ্ঞা প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধার মুখে পড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু-র ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন সরাসরি ফোন করে তাকে এ তথ্য জানান।
বুধবার সন্ধ্যায় মন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন নজরুল ইসলাম মিঠু। তিনি লেখেন, “আপনার ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, এখন আপনি বিদেশ যেতে পারবেন”—মন্ত্রী তাকে এ কথা জানিয়েছেন।
এর আগে গত রোববার চীন সফরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর ইমিগ্রেশন কাউন্টারে তাকে আটকে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, একটি সংস্থার ‘ক্লিয়ারেন্স’ না থাকায় তাকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।
ঘটনার পর নজরুল ইসলাম মিঠু মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। পরে দ্রুত উদ্যোগ নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করা হয়।
মন্ত্রী জাহির উদ্দিন স্বপন জানান, এই নিষেধাজ্ঞা পূর্ববর্তী সরকারের সময় আরোপিত হয়েছিল এবং সেটি ছিল একটি ভুল সিদ্ধান্ত। বর্তমান সরকার বিষয়টি সংশোধন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম মিঠু বলেন, সরকারের দ্রুত পদক্ষেপ গণমাধ্যমের সঙ্গে ইতিবাচক সম্পর্কের প্রতিফলন এবং এটি গণতান্ত্রিক পরিবেশ পুনর্গঠনের একটি ইতিবাচক দিক।
এ ঘটনায় পাশে দাঁড়ানো গণমাধ্যমকর্মী, সহকর্মী সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।




