ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, থানায় অবস্থান নেতাকর্মীদের
ডেস্ক রিপোর্ট :
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এনসিপির অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়। হামলায় কিল-ঘুসি, ইট-পাটকেল নিক্ষেপ ও হকিস্টিক দিয়ে মারধরের ঘটনা ঘটে বলে দাবি করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
ফেসবুক পোস্টে তিনি জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই হামলার শিকার হন তারা। এতে অন্তত তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তার মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।
ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা থানায় অবস্থান নিয়েছেন বলে জানান পাটওয়ারী। তিনি বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




