মায়ের গলিত মরদেহ উদ্ধার: দায়িত্ব থেকে প্রত্যাহার যুগ্ম সচিব আনিসুর
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। তাঁকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, আনিসুর রহমানকে ৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় নির্ধারিত সময় শেষে তিনি স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
গত রোববার রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি দীর্ঘ সময় ধরে বাসার ভেতরে পড়ে ছিল বলে জানা যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
নুরজাহান বেগমের সন্তানদের মধ্যে একজন যুগ্ম সচিব, একজন বুয়েটের শিক্ষক এবং একজন স্কুলশিক্ষক রয়েছেন। মায়ের প্রতি অবহেলার অভিযোগে তাঁদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে।
এদিকে, বিষয়টি নজরে আনার পর সরকারি কর্মকর্তা হিসেবে আনিসুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। এরই ধারাবাহিকতায় তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী সন্তানদের পিতা-মাতার ভরণপোষণ, চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। আইন অমান্য করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের বিধানও রয়েছে।
ঘটনাটি নিয়ে প্রশাসনিক ও আইনগতভাবে আরও তদন্তের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




