গাজীপুর কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক প্রবাসীর স্ত্রী, তিন কন্যা সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতের কোনো এক সময় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় পাঁচজনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন— প্রবাসীর স্ত্রী, তার তিন কন্যা সন্তান এবং শ্যালক। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
রাউতকোনা গ্রাম এলাকায় এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে।




