চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে নদীতে ফেললেন ব্যবসায়ীরা, পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ
ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে কয়েকজন মৌসুমি ব্যবসায়ী ছোট ফেনী নদীতে চামড়া ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসন অভিযুক্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সতর্ক করে দেয়।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দাগনভূঞার মাতুভূঞা এলাকার একটি সেতু থেকে কয়েকজন ব্যক্তি গরুর চামড়া নদীতে নিক্ষেপ করছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঈদের পর দুই দিন পার হলেও চামড়া বিক্রি করতে না পেরে এবং দীর্ঘ সময় সংরক্ষণের অতিরিক্ত খরচ বহন করতে না পারায় লোকসানের মুখে পড়া কয়েকজন মৌসুমি ব্যবসায়ী এ সিদ্ধান্ত নেন।
ভিডিওটি প্রশাসনের নজরে আসার পর বিকেলে দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম উপজেলার মারিজপুর গ্রামে গিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি নদীতে চামড়া ফেলে পরিবেশ দূষণের কারণ সম্পর্কে জানতে চাইলে ব্যবসায়ীরা নিজেদের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দেন।
অভিযুক্ত ব্যবসায়ী খুরশিদ আলম বলেন, পরিবেশের ক্ষতির বিষয়টি না বুঝেই তাঁরা নদীতে চামড়া ফেলেছেন। পরে তাঁরা উপলব্ধি করেছেন যে এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমা চেয়েছেন এবং পুনরায় এ ধরনের কাজ না করার অঙ্গীকার করেছেন। তিনি জানান, লোকসানের কারণে তাঁরা এমন পদক্ষেপ নিয়েছিলেন। তবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের সহযোগিতা করা সম্ভব হতো।
চলতি মৌসুমে কাঁচা চামড়ার বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় মৌসুমি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন। এতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রমে নানা জটিলতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা জোরদার করা না গেলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।




