আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় পুলিশের অভিযান: ওসি-এসআই ছুরিকাহত, দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শক (এসআই) ছুরিকাহত হয়েছেন। পাল্টা আত্মরক্ষায় পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে আরও চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকায় এক দোকানে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে ডেল্টা গার্মেন্টসের পেছনে থাকা ছিনতাইকারীদের সম্ভাব্য আস্তানায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন ছিনতাইকারীদের আটক করার চেষ্টা করলে তারা ধারালো অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ গুরুতর আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




