রাজধানীতে সাঁড়াশি অভিযান জোরদার: ৪৮ ঘণ্টায় ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার, তদবিরে কঠোর অবস্থান ডিএমপির
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান আরও জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ৪৮ ঘণ্টায় তালিকাভুক্তসহ মোট ৯৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তদবিরের মাধ্যমে কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
রোববার (৩ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ। তাদের কাছ থেকে চাঁদা আদায়ের খাতা, লেনদেনের নথি, ভিডিও ক্লিপসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, অপরাধীদের পক্ষে কেউ তদবির করলে তাকেও অপরাধচক্রের সদস্য হিসেবে বিবেচনা করা হবে।
ডিএমপি জানায়, ১ মে থেকে মহানগরজুড়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আটটি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।
কমিশনার আরও বলেন, বড় সন্ত্রাসীদের উপস্থিতি কম থাকলেও তাদের নাম ব্যবহার করে মধ্যম স্তরের অপরাধীরা সক্রিয় রয়েছে। এ ছাড়া অনলাইন জুয়া ও প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্তে প্রযুক্তিনির্ভর তদন্ত জোরদার করা হয়েছে।
নিরাপত্তা জোরদারে বসিলা ও কারওয়ান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং নতুন অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ডিএমপি স্পষ্ট করেছে, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।




