ঐক্যবদ্ধ উদ্যোগেই সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান-এস এম জাহাঙ্গীর হোসেনের-
উত্তরা প্রতিনিধি:
রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সমতা, ন্যায়বিচার এবং মর্যাদাপূর্ণ জীবনের প্রত্যাশা সবারই। একটি মানবিক রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি হলো—সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা। একজন ভিক্ষুক যেমন রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে, তেমনি সমাজের একজন সফল ব্যক্তিও একইভাবে সেই অধিকার ভোগ করবে—এই নীতিই একটি সভ্য সমাজের ভিত্তি গড়ে তোলে।
এই প্রেক্ষাপটে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সমাজ উন্নয়ন ও নাগরিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রের উন্নয়ন কেবল সরকারের একার দায়িত্ব নয়; বরং প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, সমাজে বিদ্যমান বৈষম্য দূর করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধনী-গরিব, শহর-গ্রাম বা পেশাগত বিভাজনের ঊর্ধ্বে উঠে সমান সুযোগ নিশ্চিত করাই রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তবে শুধু আইন প্রণয়ন করলেই হবে না—এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।
সংসদ সদস্য বলেন, “আমাদের ঐক্যবদ্ধভাবে এ সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। যার যার জায়গা থেকে আমরা দেশের জন্য কাজ করবো—এই হোক আমাদের অঙ্গীকার।” তিনি আরও জোর দিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের চর্চা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সচেতন মহলের মতে, এমন আহ্বান বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, একটি উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ, দায়িত্ববোধ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ।




