ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় জাবি প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, অফিসে তালা
জাবি রিপোর্ট :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার না করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। একই সঙ্গে আগামীকাল রোববার প্রশাসনিক ভবনেও তালা দেওয়ার ঘোষণা দেন তারা।
এর আগে গত মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারলে প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে।
কিন্তু সময়সীমা শেষ হওয়ার পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। শনিবার সকালে একদল শিক্ষার্থী প্রক্টর অফিসে গিয়ে তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন এবং প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন,
“উপাচার্যের কাছে আমরা ছয় দফা দাবি দিয়েছিলাম। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে ব্যর্থতার দায় নিয়ে প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। কিন্তু তারা এখনো পদত্যাগ করেনি। তাই আমরা এই ব্যর্থ প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তার অফিসে তালা দিয়েছি।”
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। একই সঙ্গে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।




