বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে ন্যায়ভিত্তিক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
মঙ্গলবার (১৯ মে) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের সেবা কোনো করুণা নয়; এটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তিনি আরও বলেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রী জানান, ভূমি সেবাকে ডিজিটালাইজড করা গেলে জনগণের ভোগান্তি কমবে এবং দুর্নীতি ও হয়রানির সুযোগও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। অনলাইনভিত্তিক ভূমিসেবা চালুর মাধ্যমে মানুষকে আর ভূমি অফিসে ঘুরতে হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জমির মালিকানা জটিলতা বাড়ছে। একসময় একটি জমির মালিক একজন থাকলেও এখন বহু শরিকানা তৈরি হয়েছে, ফলে ভূমি সংক্রান্ত বিরোধ ও মামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব বিরোধ অনেক ক্ষেত্রে পারিবারিক শান্তি নষ্ট করার পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডেও বাধা সৃষ্টি করছে।
প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে প্রায় ৪৭ লাখ মামলা বিচারাধীন রয়েছে, যার বড় অংশই ভূমি সংক্রান্ত। এ কারণে বিচার ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) এবং গ্রাম আদালতের মতো স্থানীয় পর্যায়ের ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানান। এতে একদিকে মামলার চাপ কমবে, অন্যদিকে দীর্ঘমেয়াদি বিরোধ ও শত্রুতার ঝুঁকিও হ্রাস পাবে বলে তিনি উল্লেখ করেন।
সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনা সংস্কারসহ প্রতিটি ক্ষেত্রে জনবান্ধব সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।




