আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, কার্যকর পদক্ষেপের আহ্বান জি এম কাদেরের
নিজস্ব প্রতিবেদক :
দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, দেশে খুন, ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটাচ্ছে।
বৃহস্পতিবার রংপুর নগরীর এরশাদ নগরে অসহায় মানুষের মাঝে কোরবানির পশু বিতরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। পরে তিনি নগরীর মুন্সিপাড়া কবরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করেন।
জি এম কাদের বলেন, প্রতিদিন দেশের কোথাও না কোথাও সহিংসতা ও অপরাধের ঘটনা ঘটছে, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলাবাহিনীকে আরও কঠোর, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারকে দ্রুত বাস্তবমুখী ও জনমুখী পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।
তিনি সতর্ক করে বলেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন ছিল পূর্বপরিকল্পিত এবং আগে থেকেই ফল নির্ধারিত ছিল। তাঁর দাবি, নির্বাচন সুষ্ঠু হয়নি এবং বিরোধী দলগুলোকে কার্যত প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছিল।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান ও নিয়ম-কানুনের প্রয়োজন রয়েছে। সংবিধান পরিবর্তনের প্রয়োজন হলে তা জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




