ব্রেকিং নিউজ
টানা তিন ম্যাচে তিনবারই ম্যাচসেরা ভিনিসিয়ুস ভিনির তিন ম্যাচেই গোল : ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের ইঙ্গিত দিচ্ছে কি? ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, হার্ড রকে উৎসব ভিনিসিয়ুসের জোড়া গোল, নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন; স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকেরা ‘আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষোভ ও নিন্দার ঝড় রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৩২৩ মামলা, শীর্ষে মিরপুর চীন সফরে তারেক রহমানের সফরে যোগ হচ্ছেন দুই মন্ত্রী শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার: অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা

ইনজেকশন দেওয়ার পর মৃত্যু, যশোরের আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ

Gazi Tushar Ahamed বাংলাদেশ
AdvertisementAdvertisement

যশোর প্রতিনিধি :

 যশোরে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। ঢাকায় আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকদের মৃত্যুর ঘটনায় আলোচনা চলমান থাকতেই বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা নতুন করে জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
নিহত ইমরান হোসেন (৩৫) যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের গাজীপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার বিকেলে তাঁকে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর রোগীকে পরপর কয়েকটি ইনজেকশন দেওয়া হয়। প্রথম ইনজেকশনের পর থেকেই তিনি অস্বস্তি অনুভব করতে থাকেন। দ্বিতীয় ইনজেকশনের পর তাঁর মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে এবং শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তৃতীয় ইনজেকশন দেওয়ার কিছু সময়ের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁকে আইসিইউতে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই ইসমাইল হোসেন দাবি করেন, ইমরানের প্রধান সমস্যা ছিল শ্বাসকষ্ট। কিন্তু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পরিবর্তে একের পর এক ইনজেকশন প্রয়োগ করা হয়। তিনি অভিযোগ করেন, রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে উঠলেও চিকিৎসকেরা বিষয়টি যথাযথ গুরুত্ব দেননি।
স্বজনদের আরও অভিযোগ, ইমরানের মৃত্যু আইসিইউতে নেওয়ার আগেই হয়েছিল। পরে ঘটনাটি আড়াল করার উদ্দেশ্যে কিছু সময় তাঁকে আইসিইউতে রাখা হয়। যদিও এ অভিযোগের পক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে স্বজন, প্রতিবেশী ও স্থানীয় শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের বাবা শওকত আলী বিশ্বাস যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তাঁর ছেলেকে হাসপাতালে নেওয়া হয়। পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই স্যালাইন ও ক্যানুলার মাধ্যমে একাধিক ইনজেকশন প্রয়োগ করা হয়। ইনজেকশন দেওয়ার পরপরই তাঁর ছেলে চিৎকার করতে থাকেন এবং অল্প সময়ের মধ্যেই মারা যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শওকত আলী বিশ্বাস ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরিবারের সদস্যরা জানান, ইমরান হোসেন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর সংসারে ১৭ মাস বয়সী একমাত্র ছেলে এলহাম রয়েছে। আকস্মিক এ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
অন্যদিকে চিকিৎসায় অবহেলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক বলেন, রোগীকে হাসপাতালের নিয়ম অনুযায়ী জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নেওয়া হয়েছে। তাঁর দাবি, রোগীকে গ্যাস ও বমিজনিত সমস্যার চিকিৎসা দেওয়া হয়েছিল এবং এটি একটি স্বাভাবিক মৃত্যু। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা হয়নি বলে তিনি দাবি করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অভিযোগের বিষয়ে পুলিশের একাধিক টিম তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এ ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের মধ্যে ভিন্নতা থাকায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

AdvertisementAdvertisement

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।