দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, কমেছে তাপপ্রবাহের দাপট
নিজস্ব প্রতিবেদক :
দেশের বিভিন্ন অঞ্চলে টানা তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে। শুক্রবার দেশের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে কমেছে গরমের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৫১টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২৮টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে নরসিংদীতে। রাজধানী ঢাকায় রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার বৃষ্টিপাত।
বৃষ্টির কারণে তাপপ্রবাহের প্রভাবও অনেকটাই কমে এসেছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।
আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে।




