সড়কবাতির অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স সফরে যাচ্ছেন রাসিক প্রশাসক ও প্রকৌশলী
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইট সড়কবাতির আধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে ১১ দিনের সফরে ফ্রান্স যাচ্ছেন। আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন।
এ বিষয়ে অনুমতি চেয়ে গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। চিঠিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক আলোকসজ্জা প্রযুক্তি প্রতিষ্ঠান সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হবে।
সফরকালে রাসিকের প্রতিনিধি দল ফ্রান্সে অবস্থিত সিগনিফাইয়ের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবে। সেখানে তারা সড়কবাতির সর্বাধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।
সরকারি আদেশ জারির জন্য পাঠানো চিঠিতে বলা হয়েছে, সফরের সব ধরনের ব্যয়ভার বহন করবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মেহেদী হাসান জানান, সিগনিফাই ফ্রান্সে উৎপাদিত সড়কবাতি বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে সরবরাহ করে থাকে। কোনো ক্রেতা প্রতিষ্ঠান উৎপাদন প্রক্রিয়া ও প্রযুক্তিগত বিষয়গুলো সরাসরি দেখতে চাইলে তাদের ফ্রান্সে নিয়ে যাওয়া হয়।
তবে রাজশাহী সিটি করপোরেশন ঠিক কোন ডিলারের মাধ্যমে সড়কবাতি সংগ্রহ করছে, সে বিষয়ে তিনি নিশ্চিত তথ্য দিতে পারেননি।
এ বিষয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে রাসিকের জনসংযোগ কর্মকর্তাও সফরসংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে পারেননি।
স্থানীয় সরকার বিভাগের অনুমোদন সাপেক্ষে এই সফর অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




