সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামের আল্লামা আফজাল আহমেদ দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানাসংলগ্ন সিরাজদিখান-ইছাপুরা সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত শিকদার এবং যুবদলের সদস্য সিফাত উল্লাহ জনির অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত শিকদার, তাঁর ভাই সাখাওয়াত শিকদার, রশুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আরশাদ আলী, তানভীর শিকদার এবং রোমান ঢালী আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত সাখাওয়াত শিকদার, তানভীর শিকদার ও আরশাদ আলীর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, সংঘর্ষে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।




