মাভাবিপ্রবিতে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, অপপ্রচার ও নারী নির্যাতনের অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গুম ও অপহরণের ঘটনা নিয়ে ‘নাটক সাজানো’, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো এবং নারী নির্যাতনের মতো ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়।
রোববার (১৪ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের মান্নান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তৃতীয় একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সহসভাপতি রুপক আহমেদ, আশরাফুল ইসলাম রিয়ান ও জামিল, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আবির এবং সাংগঠনিক সম্পাদক রিমন মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে গুম ও অপহরণের ঘটনাকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও তোলেন তারা।
সমাবেশে ছাত্রদল নেতারা দাবি করেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করতে অপহরণের গল্প প্রচার করা হয়েছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, “অতীতেও এই সংগঠনটি গুমের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। শিক্ষার্থীদের উচিত সত্য-মিথ্যা যাচাই করে সচেতন থাকা এবং কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়া।”
সমাবেশ শেষে নেতাকর্মীরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।




