ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছেই, স্বস্তির বৃষ্টি মিলতে পারে ২২-২৩ মে
নিজস্ব প্রতিবেদক :
দেশজুড়ে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বৈশাখজুড়ে ঝড়-বৃষ্টির দেখা মিললেও জ্যৈষ্ঠের শুরুতে কমেছে বৃষ্টিপাত, বেড়েছে গরমের তীব্রতা। বিশেষ করে দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও বেড়েছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। গতকাল সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আজ একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ১ ডিগ্রিতে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঘাম শুকাতে দেরি হচ্ছে, ফলে মানুষের অস্বস্তিও বাড়ছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দিনের সময় দীর্ঘ ও রাত ছোট হওয়ায় সূর্যের তাপ দীর্ঘক্ষণ স্থায়ী হচ্ছে। একই সঙ্গে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় গরম আরও ভ্যাপসা অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, জ্যৈষ্ঠ মাসে এমন ভ্যাপসা গরম স্বাভাবিক ঘটনা। তবে দেশের উত্তরাঞ্চল—রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে প্রায় প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টি হচ্ছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তিনি বলেন, বৃষ্টি হলে গরম কিছুটা কমবে, তবে বৃষ্টি না থাকলে অস্বস্তি আরও বাড়তে পারে। ২২ থেকে ২৩ মে পর্যন্ত এ ধরনের গরম পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।




