উপাত্তভিত্তিক প্রচারণার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে সঠিক উপাত্ত ছাড়া কোনো তথ্যের গ্রহণযোগ্যতা থাকে না। নির্ভরযোগ্য ডেটা বা পরিসংখ্যান ছাড়া যেকোনো তথ্য কেবল ব্যক্তিগত মতামত বা ধারণা হিসেবে বিবেচিত হয়।
রোববার সকালে তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের (পিআরও) প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময় হচ্ছে উপাত্তনির্ভর তথ্য ব্যবস্থাপনার যুগ। মাঠপর্যায়ে সরকারের কাজ কিংবা সরকারি বার্তা জনগণের কাছে কতটা কার্যকরভাবে পৌঁছাচ্ছে, তা কেবল অনুমান বা মুখের কথার ভিত্তিতে নির্ধারণ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত।
তিনি আরও বলেন, তথ্যের সত্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অকাট্য ডেটা থাকতে হবে। উপাত্তহীন তথ্য সমাজে প্রাতিষ্ঠানিক মূল্য হারায় এবং তা ব্যক্তিগত মতামত হিসেবেই বিবেচিত হয়।
জনসংযোগ ব্যবস্থার আধুনিকায়নে ‘সাইকোগ্রাফি’ ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম বিশ্লেষণের মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া সহজেই বোঝা যায়। কোনো সংবাদ বা তথ্যের বিপরীতে কতটি লাইক, ডিসলাইক বা কী ধরনের মন্তব্য আসছে, সেসব বিশ্লেষণ করে জনমতের সুনির্দিষ্ট চিত্র পাওয়া সম্ভব।
তিনি বলেন, এই বৈজ্ঞানিক উপাত্ত কাজে লাগিয়ে জনসংযোগ কর্মকর্তাদের নেতিবাচক প্রচারণা মোকাবিলা ও কার্যকর পারসেপশন ম্যানেজমেন্ট গড়ে তুলতে হবে।
তথ্য ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন আরও বলেন, নিজেদের দক্ষ ‘ডিজিটাল ফোর্স’ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য উপাত্ত ও পরিসংখ্যানের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে পারলে তথ্যের বিশ্বাসযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আবদাল আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম ও মো. ইয়াসীন।




