সফিপুরে আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ১০টায় সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এরপর প্রধানমন্ত্রী বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মূল মঞ্চে উপস্থিত হয়ে বর্ণাঢ্য সমাবেশ উপভোগ করেন। অনুষ্ঠানে আকর্ষণীয় ব্যায়াম ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সমাবেশ শেষে প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী–এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




