জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদুল আযহার ৫ জামাত, প্রকাশিত ইমাম ও মুকাব্বিরদের তালিকা
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আযহা ১৪৪৭ হিজরি উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-এ এবারও পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পাঁচটি জামাতের ইমাম ও মুকাব্বিরদের তালিকা চূড়ান্ত করেছে।
সকাল ৭টার প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।
সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রুহুল আমিন।
সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন মো. আব্দুল হাদী।
পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আমির হোসেন।
কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। এছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শামসুল হক।
ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট সকল ইমাম, মুকাব্বির ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্ধারিত সময়ের আগেই জাতীয় মসজিদে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।




