বিপদ শুধু বাড়ছেই
বিপদ শুধু বাড়ছেই। বিপদ থেকে মুক্ত হতে পারছে না সরকার। পাহাড়সম বোঝা নিয়ে সরকার গঠন করার পর একটার পর একটা বিপদে পড়ছে।
কোনো কোনো বিপদ অন্তর্বর্তী সরকারের সৃষ্ট, কোনো কোনো বিপদ প্রাকৃতিক, আবার কোনো বিপদ বৈশ্বিক। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ১১ দিনের মাথায় শুরু হয় আমেরিকা–ইরান যুদ্ধ।
এ যুদ্ধের প্রভাব পড়েছে সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে। ১৫ মার্চ থেকে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৩ শিশু। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়েছে। ঊর্ধ্বমুখী ব্যয়ে নাভিশ্বাস মানুষের।
হামের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এবারের পরিস্থিতি। আশঙ্কাজনক হারে বেড়েছে শিশু নির্যাতন ও ধর্ষণ। ছিনতাইকারীর হাতে পথেঘাটে খুন হচ্ছে মানুষ। সামাজিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে অস্থিরতা দেশজুড়ে।
দেশের সীমান্তবর্তী এলাকায় পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সবকিছু মিলে বিপদ যেন বাড়ছেই।
ভূরাজনৈতিক সংকট
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই ভূরাজনৈতিক অস্থিরতার জেরে দেশজুড়ে তৈরি হয়েছে নজিরবিহীন সংকট। একের পর এক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ধাক্কায় সাধারণ মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। একদিকে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশছোঁয়া নিত্যপণ্যের বাজার, অন্যদিকে হাম ও ডেঙ্গুর মতো স্বাস্থ্যঝুঁকি। অর্থনীতির চাকা সচল করতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে খেলাপি ঋণ। কোনোভাবেই এই ঋণ আদায় করা যাচ্ছে না। নতুন ঋণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকেও ঋণের সাড়া মিলছে না। সব মিলিয়ে আরও ঘনীভূত হচ্ছে সমস্যা।
দ্রব্যমূল্যের চরম কশাঘাত
আমেরিকা–ইরান যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরীণ বাজারে। বাংলাদেশেও পেট্রোল, অকটেন, কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে বিদ্যুতের দামও। এর ফলে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় চাল, ডাল, তেলসহ প্রতিটি নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। বর্ধিত খরচের জাঁতাকলে পিষ্ট হয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ চরম বিপাকে পড়েছে।
স্বাস্থ্য খাতে জোড়া আঘাত—হাম ও ডেঙ্গুর চোখ রাঙানি
অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশে দেখা দিয়েছে ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়। ১৫ মার্চ থেকে শুরু করে গতকাল পর্যন্ত হাম ও হামজাত উপসর্গ নিয়ে সারা দেশে মারা গেছে ৬১৩ শিশু। সরকারি হিসাবে এই মৃত্যুর কথা বলা হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
হামের এই ভয়াবহতার মধ্যেই নতুন আতঙ্ক হিসেবে যোগ হয়েছে ডেঙ্গু। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এবার ডেঙ্গুর পরিস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। হাম ও ডেঙ্গুর এই জোড়া আক্রমণে অভিভাবকেরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
সামাজিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
অর্থনৈতিক ও স্বাস্থ্য সংকটের সমান্তরালে দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে সামাজিক অস্থিরতা। সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের ঘটনা জ্যামিতিক হারে বেড়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এখন বিঘ্নিত।
অর্থনীতিতে সুখবর নেই
আইএমএফের সঙ্গে চলমান ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ চুক্তির সর্বশেষ দুই কিস্তি ছাড় করা হয়নি। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। এডিবির কাছেও বাজেট সহায়তার আবেদন করা হয়েছে। অন্যদিকে বাজেটে সুদ পরিশোধের ব্যয়ও বেড়েছে, যা সামষ্টিক অর্থনীতিতে চাপ তৈরি করছে।
খেলাপি ঋণ অর্থনৈতিক অগ্রগতির বড় বাধা
২০২৬ সালের প্রথম তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শ্রেণিকৃত ঋণের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সংকটে ব্যবসায়ীরা
ঋণের উচ্চ সুদহার, ডলার সংকট, জ্বালানি সংকট, নিরাপত্তাহীনতা ও মামলা–হামলার কারণে ব্যবসায়ীরা চরম চাপে আছেন। নতুন বিনিয়োগ কমে গেছে, অনেক প্রতিষ্ঠান সম্প্রসারণ পরিকল্পনা স্থগিত করেছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
পুশইনের চেষ্টা
দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন




