উদ্বোধনের আগেই টাঙ্গাইলের সৈদামপুর সেতুর সংযোগ সড়কে ফাটল, মেরামতের আশ্বাস
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা-এ নির্মাণাধীন একটি সেতুর সংযোগ সড়কে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর বাজার এলাকায় নির্মিত ৭০ মিটার দীর্ঘ সেতুর দুই পাশের সংযোগ সড়কে ফাটল ও মাটি সরে যাওয়ার ঘটনা ঘটেছে। টানা বৃষ্টির কারণে ফাটলের মাত্রা বাড়ছে বলে স্থানীয়রা জানান।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, সৈদামপুর বাজার-কুরাতলী ভায়া প্রাইমারি স্কুল সড়কে প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৭১৮ টাকা ব্যয়ে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বাছেদ প্রকৌশলী। ২০২১ সালের ১৩ এপ্রিল কাজ শুরু হয়ে ২০২২ সালের ১২ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও পরে মেয়াদ বাড়ানো হয়।
স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়কের মাটি ঠিকভাবে কম্প্যাকশন না করেই কার্পেটিং করা হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই ফাটল দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন, “মাটি ভালোভাবে পেটানো হয়নি, তাই এখন রাস্তা বসে যাচ্ছে।”
শ্যামল সূত্রধর বলেন, “বৃষ্টির কারণে ফাটল আরও বাড়ছে, কাজের মান ভালো হলে এমন হতো না।”
ননী গোপাল সরকার বলেন, “আরও কয়েকদিন বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে যাবে।”
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বাছেদ প্রকৌশলীর ম্যানেজার নুর নবী জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। নতুন মাটির ওপর কার্পেটিং করার কারণে ভারী যানবাহন চলাচল ও বৃষ্টিতে কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। দ্রুত মেরামত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, বৃষ্টি ও ভারী যানবাহনের কারণে কিছু স্থানে মাটি সরে গিয়ে সমস্যা তৈরি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, কাজের বিল এখনো পরিশোধ করা হয়নি এবং ত্রুটিপূর্ণ অংশগুলো পুনরায় ঠিক করা হবে।




