সরকারের প্রথম ১০০ দিনে খুন ৬০৫, অপহরণ ১৯৬: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টিআইবির উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা, অপহরণ, চুরি, ছিনতাই, ডাকাতি এবং নারী-শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক মাত্রায় ঘটেছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, এ সময়ে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।
রবিবার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সরকারের প্রথম ১০০ দিন’ শীর্ষক মূল্যায়ন প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে দেশে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর ১২৯টি হামলার ঘটনা এবং ২ হাজার ২১৪টি চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি।
টিআইবির প্রতিবেদনে আরও বলা হয়, আলোচিত সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন নারী। গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৯ থেকে ৭১টি।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে নাজুক ছিল। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট এবং বিভিন্ন ধরনের অরাজকতার ঘটনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা বৃদ্ধি, অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করা জরুরি। একই সঙ্গে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
টিআইবির মতে, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের আরও সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন, যাতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ ফিরে আসে।




