হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, তিন মাসে মোট প্রাণহানি ৬১০
নিজস্ব প্রতিবেদক :
দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর মোট সংখ্যা বেড়ে ৬১০ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন বা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫১৯ জন। সব মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।
এদিকে, একই সময়ের মধ্যে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০৫ জন। পাশাপাশি সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৭৬ হাজার ৮৭৬ জনে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ২৩৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ১৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।




